চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বিএনপির বহিষ্কৃত নেতা দুই দিনের রিমান্ডে 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়েরকৃত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক হায়দার আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। 

গ্রেপ্তার রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

রিমান্ডের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, রিয়াদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ মে সকাল সাড়ে ১১টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে বিএনপি। এদিন সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে। তবে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের পর আজাদ হোসেন মামলা করতে রাজী হয়নি। 

তিনি বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি আমার আত্মীয়। পরবর্তীতে চাঁদাবাজির ঘটনায় ফতুল্লা মডেল থানায় এসআই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে এক নাম্বার আসামি করা হয়। এদিন সন্ধ্যায় তাকে ডিবি অফিস থেকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।