শিশু ধর্ষণ

সাজাপ্রাপ্ত আসামির সম্পদ বিক্রি করে ভুক্তভোগী পরিবারকে দিতে নির্দেশ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সজীব বেপারি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। রবিবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ড দেন।

অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামিকে। আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত। রায়ের সজীব বেপারীকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সজীব বরিশালের কাজিরহাট থানার কাদিরাবাদের রশিদ বেপারীর ছেলে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, দুই সন্তান নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন মামলার বাদী। ২০২০ সালের ৫ মে ভুক্তভোগীর বাবা রিকশা নিয়ে বের হন এবং মা অন্যের বাসায় কাজে যান। এদিন দুপুরে আসামি সজীব ভুক্তভোগী ও তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি এ ঘটনা তার মাকে জানালে পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ১৩ মে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ওই দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায়  এ মামলাটি  করা হয়। গ্রেপ্তার হওয়ার পর সজীব আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত মামলাটি বিচারকালে সাতজনের সাক্ষ্য গ্রহণ করে এ দণ্ড দেন।