খুলনায় দুই মাদক কারবারির যাবজ্জীবন

খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রবিবার (১৮ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই উপজেলার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা. মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল হাসান।

আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন নগরীর হরিণটানা থানার পুলিশের একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নগরীর মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের টিমটি রাস্তায় চেকপোস্ট বসায়। খুলনা-যশোর সিটি বাইপাসের সামনে ওই ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে পুলিশ ট্রাক চালক মো. জাহিদুজ্জামান এবং তার পাশে বসা শেখ হাসান আলীর বসার সিটের নিচে প্লাস্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 

জিজ্ঞাসাবাদে ওই দুইজন পুলিশকে জানায়, ফেন্সিডিলগুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির নিকট থেকে কিনে  বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সারোয়ার ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।