কুষ্টিয়া পুলিশের ঢাকা অভিযানে গ্রেপ্তার হওয়া ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে রবিবার (১৮ মে) বিকেলে কুষ্টিয়া মডেল থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সৌপর্দ করে পুলিশ। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, শনিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রবিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনজনকেই আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। পরে তাদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
মামলার আইও কুষ্টিয়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক(এসআই) খাইরুজ্জামান জানান, ‘রেজাউল ইসলাম বাবু একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এছাড়া চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানার একটি নাশকতার মামলার সন্দিগ্ধ ব্যক্তি হিসেবে চাল মিলার ওমর ফারুক ও যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদা সুলতানার আদালতে সৌপর্দ করলে আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।