রাখাইনে করিডর ও নিউমুরিং টার্মিনাল লিজ দেওয়ার প্রতিবাদ সিপিবির

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘করিডর’ ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সরকারের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে দলটি আগামী ২৩ ও ২৪ মে ২০২৫, শুক্র ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল রবিবার সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, অন্তর্র্বর্তী সরকার তার অন্যতম প্রধান কাজ ‘প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছেযা মোটেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, রাখাইনে করিডর ও নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পরিপন্থী। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব, বন্দর-করিডর সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, তা তার দায়িত্বের মধ্যে পড়ে না। এমনকি বামপন্থিদের সম্পর্কে যা বলেছেন, তা হাস্যকর। বিবৃতিতে করিডর, বন্দর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে  শ্বেতপত্র প্রকাশ ও দেশ-মানুষের স্বার্থবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।