মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাঁর দেহে ক্যান্সার শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দপ্তর। খবর: সিএনএন
স্থানীয় সময় গতকাল রবিবার বাইডেনের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় তাঁর প্রোস্টেটে ক্যান্সার ধরা পড়েছে, যা ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহে বাইডেন প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন। এরপর চিকিৎসকদের পরামর্শে করা পরীক্ষায় তাঁর প্রোস্টেটে একটি নতুন গুটি শনাক্ত হয়। শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন, বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। এটি ইতোমধ্যে হাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তবে কিছুটা আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।
বাইডেনের দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, এই বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করবেন না।