ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ

রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি জেলায় আজ সকাল নাগাদ বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৮ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে ভারী বৃষ্টিপাত নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।