নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল ২ নং ঢাকেশ্বরী বাজারে অবস্থিত রয়্যাল টোবাকো কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইফুল ইসলামকে দেওয়া হয়েছে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড। জব্দ করা হয়েছে ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট ও প্রায় ২১ লাখ রি-ইউজ্ড স্ট্যাম্প।
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন ও বাজারজাত করার দায়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের আদালত এ অভিযান পরিচালনা করেন।
সোমবার(১৯ মে) দুপুরে র্যাব-১১ বাহিনীর সহায়তায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি অভিযান চালায়। বিকেলে র্যাব-১১ অপস্ অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইফুল ইসলাম (৪০) গোদনাইন ২ নং ঢাকেশ্বরী বাজার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
অভিযানে অংশ গ্রহণকারী র্যাব কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করছে, গোপন সূত্রে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।