নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া মুসলিম নগর এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদের চা দোকানে যান। সেখানে অজ্ঞাত ১০ থেকে ১২ জন ব্যক্তি এসে তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে সজীবের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিখোঁজের ২২ ঘণ্টা পর ৫ জেলের মরদেহ উদ্ধার