রাজউকের সাবেক চেয়ারম্যান-বিজিবির সাবেক ডিজি’র ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকারসহ তার স্ত্রী নামে থাকা অস্থাবর সম্পদ (বিও অ্যাকাউন্ট ও শেয়ার)  এবং  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলামসহ তার স্ত্রী  নামে থাকা আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বলা হয়, ছিদ্দিকুর রহমান তার স্ত্রী রেবেকা রওশনের নামীয় সর্বমোট ১৩টি বিও অ্যাকাউন্টে মাধ্যমে বিপুল  অর্থ আত্মসাৎ অভিযোগে অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তাদের নামীয় অস্থাবর সম্পদ থেকে টাকা তুলে বিদেশে পাচারের চেষ্টা করছে বলে গোপন সূত্রে জানা যায়। তার এ অর্থ বিদেশে পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
 
অন্যদিকে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে থাকা আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তাদের নামীয় ব্যাংক স্থিতি নগদায়ন করে অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার চেষ্টা করছে। এসব হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভবনা রয়েছে। সে কারণে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা দরকার। 

গত ১৩ মার্চ সাফিনুল ইসলাম, স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত। এছাড়াও, গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব হিসাবে তাদের ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।