এলজিইডির ২৫৭ প্রকৌশলীর নিয়োগে অনিয়মের তদন্ত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ২৫৭ জন প্রকৌশলীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, নিয়মিতকরণ ও পদোন্নতির ক্ষেত্রে হওয়া অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৭ মে মন্ত্রণালয়ের আইন শাখা থেকে প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

এলজিইডি সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে ২০১০ সালে ১৩১ জন, ২০১১ সালে ১০৯ এবং ২০১৩ সালে ১৭ জনকে সহকারী প্রকৌশলী (পুর) পদে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মতামত ছাড়াই রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। রাজস্ব খাতে স্থানান্তরিত এসব প্রকৌশলীকে সংস্থায় নিয়মিতকরণ নিয়ে প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এলজিইডিতে সর্বশেষ ২০০৮ সালে জ্যেষ্ঠতা তালিকা অনুমোদন ও প্রণয়ন করা হয়। বিধিমালা অনুযায়ী, অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ ছাড়া পদোন্নতির বিধান নেই। কিন্তু অনুমোদিত জ্যেষ্ঠতা তালিকা না থাকলেও প্রকল্প থেকে আসা সহকারী প্রকৌশলীদের ষষ্ঠ গ্রেডের সিনিয়র সহকারী প্রকৌশলী (পুর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ অনিয়মের বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দুজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। আদালত গত বছরের ৯ ডিসেম্বর এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং প্রতিবেদন আদালতে জমার নির্দেশ দেয়।

চাকরির বিধিবিধান বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, এই সহকারী প্রকৌশলীদের চাকরি নিয়মিতকরণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বোঝা যাচ্ছে। পিএসসির সুপারিশ ছাড়া কোনোভাবেই চাকরি নিয়মিতকরণ করা যায় না।