হামাসকে নির্মূলের সংকল্প

গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকা পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের ওপর গাজা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছিল, ঠিক তখনই নেতানিয়াহু এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ইতোমধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার গাজায় নতুন সামরিক অভিযানের সূচনা করেছে। গাজার খান ইউনিস এলাকার বাসিন্দাদের দ্রুত সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সেখানে নজিরবিহীন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, "তুমুল যুদ্ধ চলছে। আমরা গাজার প্রতিটি অঞ্চল আমাদের নিয়ন্ত্রণে নেব।" 

তিনি আরও বলেন, "আমরা গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জন জিম্মিকে মুক্ত করব এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করে জয় অর্জন করব।"

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘অপারেশন গিডিওন চ্যারিওটস’ নামে একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে, যার লক্ষ্য হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করা।

এ ছাড়া গাজায় ইসরায়েলের পৃথক গোপন অভিযানের কথাও জানা গেছে। এসব অভিযানে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে।