শুরুতে ব্যাট করে ২০৫ রানের মতো সংগ্রহ—যেকোনো পরিস্থিতিতেই টি-টোয়েন্টিতে বড় স্কোর ধরা হয়। কিন্তু তাতেও কাল জিততে পারেনি বাংলাদেশ। শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে এক বল হাতে রেখে ২ উইকেটে জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা বাংলাদেশ ক্রিকেট জন্য লজ্জার।
এই প্রথমবারের মতো যে কোনো সংস্করণের ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারল বাংলাদেশ। একই সঙ্গে, এটা টি-টোয়েন্টি চতুর্থ কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় আমিরাতের। ২০৫ রানের মতো বিশাল লক্ষ্য তাড়া করে জয়—এমনটা আগে কোনো সহযোগী সদস্য দেশের পক্ষে সম্ভব হয়নি কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে।
এই হারের দায় অধিনায়ক লিটন দাস দিলেন শারজায় রাতের শিশিরের ওপর,
“পরাজয় সবসময়ই কঠিন, তবে এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। ওদের ইনিংসে উইকেট বেশ ভালো ছিল, আর শিশিরের প্রভাব ছিল স্পষ্ট। আমরা ফিল্ডিংয়ে এবং মিডল ওভারে বোলিংয়ে কিছুটা মিস করেছি।”
ছোট মাঠ আর শিশির—এই দুই উপাদানকে মাথায় রেখেই বোলারদের পরিকল্পনা করার দরকার ছিল বলে মনে করেন টাইগার অধিনায়ক। “এই ধরনের মাঠে খেললে, যেখানে মাঠ ছোট এবং শিশির একটা বড় ফ্যাক্টর, তখন হিসাব-নিকাশ করে বোলিং পরিকল্পনা করতে হয়। রানার শেষ ওভারের আগেও যা করেছে, তার চেয়ে ভালো কিছু প্রত্যাশা করছিলাম। তবে প্রতিটি খেলোয়াড়ের ভালো দিন এবং খারাপ দিন থাকে।”
নিজের ব্যাটিং নিয়েও আত্মসমালোচনায় সরব লিটন। “আমি যা করেছি, তা আমার মানের নয়। তবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।”সবশেষে আশাবাদী লিটন বলেন, “ভুলগুলো নিয়ে বসে আলোচনা করবো এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।”
আগামীকাল একই মাঠে সিরিজের শেষ ম্যাচের আগে এই ভুল থেকে উতরে যাবার কৌশল বের করতে হবে বাংলাদেশকে।