ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা জামিল আহম্মেদকে আটক করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে বেনাপোল বন্দর থানা থেকে তাকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এর আগে, গতকাল সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে বেনাপোল স্থলবন্দর থেকে জামিলকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।  

আটককৃত জামিল আহম্মেদ (৪২) আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা জামিল আহম্মেদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

ওসি আরও বলেন, চিকিৎসা ভিসায় ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থলবন্দরে যুবলীগ নেতা জামিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে বেনাপোল বন্দর থানায় নেওয়া হয়। সেখান থেকে আজ মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তায় তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়েছে।