চিকিৎসা ও সেবায় সন্তোষজনক মৌলভীবাজার হাসপাতাল: দুদক

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা, খাদ্যমান ও নিয়োগ সংক্রান্ত অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ মে) দুপুরে দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অধীনে আসা একাধিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের চিকিৎসা সেবা, ম্যানু অনুযায়ী খাবারের মান, ঔষধ সরবরাহ এবং নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগ যাচাই করা হয়।

অভিযান শেষে উপপরিচালক মো. এরশাদ মিয়া সাংবাদিকদের বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল, হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা ও ওষুধ বিতরণে গাফিলতি এবং স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে। এসব অভিযোগ যাচাই করতেই আমাদের এ অভিযান।

তিনি আরও বলেন, তদন্তে দেখা গেছে- হাসপাতালে চিকিৎসা সেবা যথাযথভাবে দেওয়া হচ্ছে, খাবারের ম্যানু যথাসম্ভব মানা হচ্ছে এবং বহির্বিভাগে রোগীদের নিয়মিত ওষুধ সরবরাহ করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত অভিযোগের ব্যাপারে আমরা কোনো আউটসোর্সিং বা অভ্যন্তরীণ নিয়োগের তথ্য পাইনি। বরং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দেখা গেছে, এখানে কোনো নিয়োগই দেওয়া হয়নি।

অভিযানের সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।