নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির অভিযোগ, সংস্কার কমিশনের প্রস্তাব আমলে না নিয়ে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে তারা বিক্ষোভের ডাক দিয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যায় না।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্রনেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।