বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ বুধবার ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল মঙ্গলবার বিকেলে রিটের শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রিট আবেদনটি করা হয় গত ১৪ মে। এতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়। একই সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্যকে মেয়র ঘোষণা করায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনার অনুরোধও করা হয়।
রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। তাঁর পক্ষে আইনি প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
তবে দীর্ঘদিন পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।
পরে রায়ের অনুলিপি হাতে পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে কমিশন।
এই প্রেক্ষাপটে, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নিতে না দেওয়ার দাবিতে রাজধানীতে কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন একটি পক্ষ।