মোহামেডান যেন বার্সেলোনা, শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হার

লা লিগায় এবারের আসরের শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই ভিলারিয়ালের কাছে হেরে গিয়েছিল বার্সেলোনা। এবার একই পথই যেন অনুসরণ করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই আজ বৃষ্টিবিঘ্নিত খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে হেরে গেল মতিঝিল পাড়ার ক্লাবটি। আগের দিন বৃষ্টির কারণে হয়েছিল ১৮ মিনিট খেলা। আজ হয়েছে বাকিটা। দুই দিনের খেলায় ৪-৩ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সাদা-কালো জার্সিধারীরা।

মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ নীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের সূচনা হয়। তবে প্রবল বৃষ্টির কারণে মাত্র ১৮ মিনিটের খেলা শেষে বন্ধ হয়ে যায় লড়াই। তখন ২-১ গোলে এগিয়ে ছিল মোহামেডান। দ্বিতীয় মিনিটেই সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় সাদা-কালো শিবির। এরপর ৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে ইমানুয়েল। তবে ১০ মিনিটে স্যামুয়েল বোয়েটেংয়ের গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ।

বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর ১টায় ওই ম্যাচের বাকি অংশ মাঠে গড়ায়। ১৯তম মিনিট থেকে পুনরায় শুরু হওয়া খেলায় রহমতগঞ্জ ৩১ মিনিটেই ম্যাচে ফেরে। এসকে কানফরমের পাস থেকে মো. তাজ উদ্দিন গোল করে সমতায় আনেন দলকে।

তবে মোহামেডান থেমে থাকেনি। ৩৭ মিনিটে জনি মিয়ার বাড়িয়ে দেওয়া বলে আবারও গোল করেন দিয়াবাতে, নিজের দ্বিতীয়। এরপর ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও ৮৪ মিনিটে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। তাজ উদ্দিনের বাড়ানো বলে গোল করেন মাহমুদ অইশি। এরপর ৮৬ মিনিটে তাজের আরেকটি অ্যাসিস্ট থেকেই আবারও জালের ঠিকানা খুঁজে নেন মাহমুদ।

শেষ মুহূর্তের এই জোড়া আঘাতেই মোহামেডানের জয়রথ থেমে যায় কুমিল্লায়। শিরোপা নিশ্চিত হয়ে থাকলেও ম্যাচের এমন পরিণতি মোহামেডান শিবিরে কিছুটা হতাশা তো বটেই, একই সঙ্গে রহমতগঞ্জের জন্য বড়সড় আত্মবিশ্বাসের জোগান।