ইংলিশ প্রিমিয়ার লিগ বাকি আর এক রাউন্ড। ম্যানচেস্টার ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে আর টটেনহ্যাম ১৭ নম্বরে। তবু এই দুই ক্লাবের যে কোনো এক দলের সুযোগ হবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার। আর সেটি নিশ্চিতের জন্য আজ রাতে স্পেনের বিলবাওয়ের সান মামেসে হতে যাওয়া ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটা জিততে হবে।
ম্যানইউ ও টটেনহ্যাম এই দুই ক্লাব ইংলিশ লিগে তাদের নিচে থাকা তিনটি ক্লাবকে ধন্যবাদ দিতেই পারে। বাকি তিন দল ম্যানইউ ও টটেনহ্যামের চেয়েও খারাপ খেলেছে বলেই রেলিগেশন এড়াতে পেরেছে তারা। আবার এই ম্যানইউ ও টটেনহ্যামই ইউরোপা লিগে দারুণ ফর্ম দেখিয়েছে। এবার লিগ পর্বে ম্যানইউ কোনো ম্যাচ হারেনি। আট ম্যাচের পাঁচটিতে জয়, তিনটি ড্র করে রেড ডেভিলরা। তিন থেকে শেষ করে লিগ পর্বে। টটেনহ্যাম আট ম্যাচের একটিতে হেরেছিল। ৫টিতে জয়, দুটিতে ড্র করে স্পার্সরা। তারা শেষ করে টেবিলের চারে থেকে।
ম্যানইউ ও টটেনহ্যাম একই দেশের ক্লাব হওয়ায় এই দুই দলের প্রতি মৌসুমেই নিয়মিত দেখা হয়। টটেনহ্যামের বিপক্ষে সবশেষ ৬ ম্যাচে জয় পায়নি ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এই মৌসুমে প্রিমিয়ার লিগের দুই দেখাতে এবং লিগ কাপের ম্যাচে হেরেছে ম্যানইউ। টটেনহ্যামের বিপক্ষে ম্যানইউ সবশেষ জিতেছে ২০২২ সালের গেল অক্টোবরে। এই দুই ক্লাবের ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে এমনটি দেখা গেছে সবশেষ ২০১১ সালে।
এবার ইউরোপা লিগের ‘অল ইংলিশ’ ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। সবশেষ ইউরোপাতে অল ইংলিশ ফাইনাল হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে। সেবার চেলসি হারিয়েছিল আর্সেনালকে।
টটেনহ্যাম সবশেষ কোনো ট্রফি জিতেছিল ২০০৭-০৮ মৌসুমে। সেটি ছিল লিগ কাপের শিরোপা। টটেনহ্যাম এর আগে দুবার ইউরোপের দ্বিতীয় শীর্ষ এই ক্লাব টুর্নামেন্ট (১৯৭১-৭২, ১৯৮৩-৮৪) জিতেছিল। তবে তখন এই টুর্নামেন্টের নাম ছিল উয়েফা কাপ। ১৯৭৪ সালে হয়েছিল রানার্সআপ। ম্যানইউ এর আগে দুবার খেলেছে ইউরোপা লিগের ফাইনালে। ২০১৭-তে তারা চ্যাম্পিয়ন হয় আর ২০২১-এ হয় রানার্সআপ।
এই দুই দলের কোচের বা যে কোনো এক দলের কোচের এটি হতে পারে ক্লাবের হয়ে শেষ ম্যাচ। টটেনহ্যামের কোচ পোস্তেকোগলু এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আমোরিম দুজনই আছেন চাকরি হারানোর শঙ্কায়। লিগে খারাপ পারফরম্যান্সের কারণেই এই শঙ্কা।