হামজাদের ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে ২৪ মে থেকে

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:০৭ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে ঘরের মাঠে অভিষেক হবে ১০ জুন। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে বাংলাদেশ মোকাবেলা করবে সিঙ্গাপুরের। কেবল হামজা নয়, সেদিন লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারব কানাডা জাতীয় দলে খেলা শমিত সোম ও ইতালি চতুর্থ বিভাগে খেলা ফাহমেদুল ইসলামেরও।

তাছাড়া এই ম্যাচটি হতে যাচ্ছে সংস্কারেএ পর পালটে যাওয়া ঢাকা জাতীয় স্টেডিয়ামের নতুন মাঠে। তাই এ ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই। কবে টিকিট ছাড়া হবে, ফুটবল অঙ্গনের মানুষদের এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে গত কয়েকদিন ধরেই।

অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে টিকিট বিক্রি শুরুর তারিখ, টিকিটের মূল্য এবং টিকিট কেনার প্ল্যাটফর্ম। বুধবার বাফুফের কম্পিটিশন কমিটির প্রধান গোলাম গাউস এ সব তথ্য নিয়ে হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে। ২৪ মে থেকে অনলাইনে মিলবে ম্যাচের টিকিট। আগ্রহের তূঙ্গে থাকা ম্যাচটির টিকিট বিক্রির স্বত্ত্ব পেয়েছে টিকিফাই।

২৪ মে শনিবার দুপুর ১২ টা থেকে টিকেট https://tickify.live/ - এই ওয়েবসাইটে গিয়ে কেনা যাবে টিকিট।

মোট ১০ ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। হসপিটালিটি ৫০০০ টাকা, ভিআইপি রেড বক্স ৪০০০ টাকা ধার্য্য করা হয়েছে। এছাড়া ভিআইপি-২ ও ভিআইপি-৩, স্কাইভিউ টিকেট,  ক্লাব হাউজ-১ ২৫৯৯ টাকা ও ক্লাব হাউজ-২ ২০০০ টাকায় বিক্রি হবে। আর ১৮ হাজার ৩০০ সাধারণ গ্যালারী টিকেটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা।

একজন সর্বোচ্চ ৫টি টিকেট কিনতে পারবেন। টিকিট কাটতে নাম, ফোন নাম্বার, ই-মেইল আইডি, এনআইডি কার্ড লাগবে।

টিকিফাই ফাউন্ডার ইফতেখার ইফতি জানান, কোক স্টুডিও, বিপিএল লাউঞ্জ, আতিফ আসলাম-এর ইভেন্টের টিকিট তাদের প্রতিষ্ঠান বিক্রি করছে। তিনি আরও জানান, সবাইকে টিকেট নিয়ে ঢুকতে হবে। বাচ্চাদের জন্যও লাগবে টিকেট। এছাড়া টিকিফাইয়ের মাধ্যমে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও কাটা যাবে। এই ম্যাচে গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া দুই ম্যাচেই একটা বড় অংশের টিকিট সৌজন্য হিসেবে দেওয়া হবে ফুটবল সহযোগীদের।

আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একটা বড় অংশের টিকিট নিজেদের ক্যাম্পেইনের জন্য কিনে নিবে মোবাইল অপারেটিং প্রতিষ্ঠান রবি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত