কাটছে আমার দিন
তোকে ভেবেই কাটছে আমার দিন
তুই যেন রে মাতাল হাওয়া
দুপুর রোদে ঝলসে যাওয়া,
শঙ্খ-বেলায় কুড়িয়ে পাওয়া
তোর দু-বাহু উথাল পাথাল নাচছে
তা-ধিন-ধিন্।
তোর দু-চোখে সৃষ্টি সুখে
রঙের বাড়ে ঋণ
জোয়ার এলো মন-নদীতে
ছন্দ বিভোর বন্য গীতে
চমকে জাগে আচম্বিতে
তুই এসেছিস তাই বুঝি আজ
চমকে বাজে বীণ...
বদলে যাওয়া
এমনি করে বদলে যেতে হয়?
বদলে যাওয়া সময় বুঝি ভালো!
সন্ধ্যাতারা উছল আলো ছড়ায়
শুকতারাতে সে-ই তো ফিকে কালো।
রাত্রিশেষে রঙের ভেলা চড়ে
আসবে তুমি নবীন নবারুণ
ঠিক তখনই বেলী জুঁইয়ের মতো
ঝরার গানে ভুবন যে করুণ...
হাসতে হাসতে ফুটবে কত ফুল
রঙ ছড়িয়ে প্রথম দিনের বেলা
বদলে যাবে রাতের নীরবতা
ফুরিয়ে যাবে অন্ধকারের মেলা...
ফিরে যদি যাই
যদি হঠাৎই ফিরে যাই
তবে দোষ দিয়ো না,
মনে করো দস্তুর মতো থেকে যাওয়া
বিড়ম্বনাই বাড়ায়...
প্রতিদিন সূর্য ফিরে যায়
ফুল ঝরে
চাঁদ তারা দেখা-অদেখায়
প্রকৃতির কোলে
মায়াজাল ঘাসের আদল
ফিরে যদি যাই
কখনো এনো না চোখে জল।