শ্যামনগরে ভুয়া ম্যাজিস্ট্রেট-সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩

সাতক্ষীরার শ্যামনগরে নিজেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে।

আটকদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, একটি প্রাইভেট কার ও একটি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়। ভুয়া পরিচয়পত্রের মধ্যে ছিল বাংলাদেশ সমাচার, আমার প্রাণের বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এবং মাতৃজগৎ টিভির কার্ড।

আটকরা হলেন—সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলামুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), গাজীপুর জেলার বাসন থানার নগরখাল গ্রামের আবু সাঈদের ছেলে জয় সরকার (৩০) এবং ঢাকা মহানগর উত্তরার চানপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে ফারুক আহমেদ (৪৫)।

নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত অধিকারী বলেন, “এর আগেও ওই তিনজন নিজেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা এবং বন্ধু বেকারির মালিক আলমগীর হোসেনের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছিল।”

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আটক তিনজন আবারও সাংবাদিক পরিচয়ে সোনার বাংলা ও বন্ধু বেকারির মালিকদের কাছে গিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করেন এবং আটকে রাখেন।

তারা আরও জানান, ওই তিন ব্যক্তি দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড দেখিয়ে অর্থ দাবি করেন। এ খবর ছড়িয়ে পড়লে কয়েকশো উৎসুক জনতা জড়ো হয়ে যায় ঘটনাস্থলে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হেফাজতে নেয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, “স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”