ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে নিল টটেনহ্যাম হটস্পার। ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির অল ইংলিশ ফাইনালে তারা ১-০ গোলে জিতেছে। এর মাধ্যমে ঘুচল টটেনহ্যামের ১৭ বছরের শিরোপাখরা। পাশাপাশি ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম হটস্পার।
বুধবার রাতে বিলবাওয়ের সান মামেসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে অনেকটা সৌভাগ্যের কারণে এগিয়ে যায় টটেনহ্যাম। বাঁ দিক থেকে পাপে সারের ক্রসে ছয় গজ বক্সে ব্রেনান জনসনের পা ছুঁয়ে বল ইউনাইটেড ডিফেন্ডার লুক শর গায়ে লেগে যখন জালের দিকে যাচ্ছিল, তখন আরেকবার পা ছুঁয়ে জালে পাঠান জনসন। এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
বিরতির পর দুই দলই কিছু সুযোগ তৈরি করতে পেরেছে, কিন্তু গোল হয়নি। ৫৮তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ক্রসে লেনি ইয়োরোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক। ৭২তম মিনিটে সতীর্থের ক্রসে বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইউনাইটেডের ফার্নান্দেজ। হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। এই জয়ের মাধ্যমে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল এনজ পোস্টেকোগ্লুর দল।