অসাবধানতায় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার জীবননগরের জয়রামপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম গাফ্ফার আলি আকাশ (২৯)। বুধবার (২১ মে) বিকালে জয়রামপুর রেলস্টেশনের কাছে আখ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু।

গাফ্ফার আলি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কেন্দ্রীয় মসজিদপাড়ার বাসিন্দা জিন্নাত আলির ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার অফিস সহকারী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে যান গাফ্ফার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অফিস শেষে তিনি চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।