ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রায়ের খবর পৌঁছার সঙ্গে সঙ্গেই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতা-কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তারা স্লোগানে স্লোগানে জানাতে থাকেন, ‘এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো’।
পরে তারা একটি আনন্দমিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে যাত্রা করেন।
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।
এই অবস্থান কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায়। মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড় ও আশপাশের এলাকায় তাঁরা অবস্থান নিয়ে দিনভর সড়কে বিক্ষোভ চালিয়ে যান।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইশরাক হোসেন নিজেই আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ঘোষণা দেন, মেয়রের দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সেইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।
পরে ইশরাক আন্দোলনে অংশ নিয়ে রাত পৌনে ১২টা পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন। এর মধ্যে অনেক নেতা-কর্মী কাকরাইল মোড়ে রাতভর বিক্ষোভ চালিয়ে যান এবং বৃহস্পতিবার সকালেও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।