ইশরাকের শপথে বাধা নেই, রিট খারিজ হাইকোর্টে

আপডেট : ২২ মে ২০২৫, ০১:০৮ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) যে গেজেট প্রকাশ করেছে, তা অবৈধ দাবি করে এবং তাকে শপথ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই রিটের শুনানি শুরু হয় গত মঙ্গলবার। সেদিন দুই দফা শুনানি শেষে আদেশের জন্য গতকাল বুধবার দিন ধার্য করা হয়। তবে বুধবার ফের উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হলে আদালত আদেশ ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে, গত ১৪ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একই রিটে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়।

এই রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন কাজী আকবর আলী।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন।

তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ওই নির্বাচনে তাপসকে বিজয়ী ঘোষণা করে দেওয়া ফলাফল বাতিল করে দেন এবং বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত