ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে মুক্তি ও দেশের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিত বিভাজন মিটিয়ে ফেলতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টার দিকে দেওয়া ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান— যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিলো, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি লিখেন, মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে।
আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খন্ড বিখন্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশী-বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীন পায়তারা করবে বলে সতর্ক করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ লিখেন, দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মান করতে হবে। কোন ব্যাক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।