সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় তেলের ড্রাম ভর্তি একটি ট্রাকে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর অ্যান্ড আর সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন টাংগাইল জেলার গোপালপুর থানার বেতবাড়ী গ্রামের মৃত ইফরান আলীর ছেলে সিএনজি স্টেশনের অপারেটর সাইফুল ইসলাম (৫২), অপারেটর রনি (৩৩), রেনাটা ফ্যার্মাসিটিক্যালসের গাড়িচালক কবির হোসেন এবং অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ড্রামবোঝাই একটি ট্রাকে গ্যাস রিফিল করার সময় হঠাৎ ট্রাকের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলে থাকা অন্তত ৪ আহন হন এবং বিস্ফোরণে ট্রাকসহ আরও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আর অ্যান্ড আর সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার মোবারক হোসেন বলেন, সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।