সাভারে রংমিস্ত্রি শাহীন হত্যা: প্রধান আসামি মেহেদী হাসান গ্রেপ্তার

সাভারে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাড়ির সামনের কামনা অটোমোবাইল গ্যারেজের পেইন্টিং মিস্ত্রি শাহীনকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৪।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. মেহেদী হাসান ঢাকা জেলার সাভার থানার ঘোষপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত শাহীন (৩০) পেশায় একজন পেইন্টিং মিস্ত্রি। তিনি তালবাগ এলাকার বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল গ্যারেজে কর্মরত ছিলেন।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের মূল হোতা মেহেদী হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সাভারের তালবাগ এলাকার কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে পেইন্টিং মিস্ত্রি শাহীনকে মাথায় গুলি করে হত্যা করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।