অ্যাঞ্জেলো ম্যাথিউসের নাম উঠলেই সামনে চলে আসে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে সেই টাইমড আউট। নাজমুল হোসেন শান্তর পরামর্শে ম্যাথিউসের বিপক্ষে টাইমড আউটের আবেদন করেছিলেন তখনকার অধিনায়ক সাকিব আল হাসান। সেটা নিয়ে কত তুলকালামই না হয়েছে! সেই ম্যাথিউস এবার টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন।
টাইমড আউট নিয়ে এত ঘটনা ঘটলেও বাংলাদেশের বিপক্ষেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দ্বীপরাষ্ট্রের এই তারকা অল-রাউন্ডার। আজ শুক্রবার নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৩৭ বছর বয়সী ম্যাথিউস জানিয়েছেন, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটাই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।
ম্যাথিউস লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্যরা, সবার কাছে কৃতজ্ঞ হৃদয় আর অবিস্মরণীয় কিছু স্মৃতি নিয়ে ক্রিকেটের সবচেয়ে প্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছি। শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ক্রিকেট খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মান এবং গর্বের বিষয়। জাতীয় দলের জার্সি পরার অনুভূতির সঙ্গে আর কোনো কিছুরই তুলনা করা যাবে না।’
ম্যাথিউস আরও লিখেছেন, ‘আমি ক্রিকেটকে উজার করে দিয়েছি, ক্রিকেটও তার বিনিময়ে আমাকে সবকিছু দিয়েছে। ক্রিকেটই আমাকে আজকের আমিতে পরিণত করেছে। আমি খেলাটির প্রতি এবং অসংখ্য শ্রীলঙ্কান ক্রিকেটপ্রেমীর কাছে কৃতজ্ঞ, যারা সবসময় আমার পাশে ছিলেন। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, আমার প্রিয় বাবা-মা, আমার সুন্দরী স্ত্রী এবং দারুণ সন্তানদের পাশাপাশি নিকটতম বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, আমাকে সমর্থন করেছেন এবং পাশে থেকেছেন।’
১১৮ টেস্টে ৮ হাজার ১৬৭ রানের মালিক লঙ্কান তারকা সবশেষে লিখেছেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে সমর্থন দিয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট এবং সকল কোচদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি অধ্যায় শেষ হতে যাচ্ছে, কিন্তু খেলাটির প্রতি ভালোবাসা সবসময়ই থাকবে। আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটিই হবে দেশের হয়ে লাল বলে আমার শেষ ম্যাচ।’