শেষ কবে এমন শিরোপাহীন মৌসুম কেটেছে ম্যানচেস্টারের

আপডেট : ২৩ মে ২০২৫, ০২:৩৮ পিএম

কী নিদারুণ একটি মৌসুমই না কাটাতে হলো দুই নগর প্রতিদ্বন্দ্বীকে। বিশ্বের ক্লাব ফুটবলের দুই অতি নামজাদা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ২০২৪-২৫ মৌসুম কেটেছে শিরোপা খরায়। অবাক হওয়ার মতোই বিষয়। কেননা সবশেষ এমন নজির দেখা গিয়েছিল বেশ আগে।

এ বছর প্রিমিয়ার লিগে তলানির দিকে থাকলেও সুবর্ণ সুযোগ ছিল ইউরোপের দ্বিতীয়সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলার। সেই সঙ্গে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার। কিন্তু টটেনহ্যামের কাছে ১-০ গোলে হেরে জলাঞ্জলি দিতে হয়েছে সেই স্বপ্নের। ম্যানসিটি যে একেবারেই শিরোপাহীন ছিল না তা বলে যাবে না। ইউনাইটেডকে হারিয়েই এ বছর কমিউনিটি শিল্ড জিতেছিল সিটি, তবে সেটি মাইনর ট্রফি হিসেবে বিবেচ্য হয়।

২০০১-০২ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতে ম্যানচেস্টার সিটি। এর পর ২০০৯-১০ মৌসুম পর্যন্ত কোনো শিরোপার মুখ দেখেনি ক্লাবটি। ২০১০-১১ মৌসুমে এফএ কাপ জিতে শিরোপাখরা ঘোচায় সিটি। পরের মৌসুমে ফের ঘরে তোলে লিগ শিরোপা। এর পর একমাত্র ২০১৬-১৭ মৌসুমটিই ছিল এই ক্লাবটির কোনো রকমের শিরোপা না জেতা মৌসুমের। আর সেটি ছিল ক্লাবটির কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার প্রথম মৌসুম। ২০১৪-১৫ এর মতো ২০১২-১৩ মৌসুমেও কেবলমাত্র কমিউনিটি শিল্ড জিতেছিলেন সিটিজেনরা।

২০১৪-১৫ মৌসুমে শিরোপাহীন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরের দুই মৌসুম কিছু না কিছু জিতলে মড়ক লাগে তার পর থেকে। ২০১৭-১৮ থেকে ২০২১-২২, টানা পাঁচ মৌসুম রেড ডেভিল ভক্তদের কাটে অমানিশার যুগ। পরের মৌসুমে ২০২২-২৩ এ কারাবাও কাপ আর পরের মৌসুমে এফএ কাপ জিতলেও এ মৌসুম আবারও ম্যানচেস্টারের অলি-গলিতে লাল জার্সি পরা কাউকে উল্লাসরত অবস্থায় দেখা যাবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত