ভারতের ক্রিকেটে বিচিত্র এক ঘটনা শিরোনামে চলে এলো। সতীর্থের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেছেন ভারতের নারী ক্রিকেট দলের তারকা অল-রাউন্ডার দীপ্তি শর্মা! অভিযুক্ত ক্রিকেটারের নাম আরুশি গোয়েল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ২৫ লাখ রূপি প্রতারণা এবং বাড়ি ভেঙে টাকা–গয়না চুরির মামলা করেছেন!
২৭ বছর বয়সী আরুশির এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তিনি এই মৌসুমে উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। সেই দলের অধিনায়ক আবার ভারত নারী দলের হয়ে ৫টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ১২৪টি টি-টোয়েন্টি খেলা দিপ্তী শর্মা। একই দলে খেলার সূত্রে দুজনের মাঝে বন্ধুত্বও গড়ে ওঠে। কিন্তু সেই বন্ধুত্বের পরিণতি এমন হবে কে জানত?
আরুশির বিরুদ্ধে ইতোমধ্যেই থানায় অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে আগ্রা পুলিশ। টাইমস অব ইন্ডিয়াকে আগ্রা সদরের অ্যাডিশনাল সিপি সুকন্যা শর্মা বলেছেন, ‘দীপ্তির ভাই সুমিত শর্মা সদর থানায় অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে, তাই আমরা এফআইআর দায়ের করেছি।’
আরুশির বিরুদ্ধে চারটি ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুরি, বাড়ি ভেঙে ঢোকা, বিশ্বাস ও শান্তি ভঙ্গের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের বিষয়ে আরুশি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দিপ্তীর ভাই সুমিত বলেছেন, ‘এই দুই বছরে আমার বোন প্রায় ২৫ লাখ রূপি দিয়েছে আরুশিকে। যখন ফেরত চাইতে যায়, আরুশি বলে দেয়- সে টাকা ফেরত দেবে না।’