বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমের শিরোপা তিন রাউন্ড বাকি থাকতে নিশ্চিত করে মোহামেডান। পেশাদার ফুটবল লিগের যুগে এটি তাদের প্রথম শিরোপা। তবে শিরোপা নিশ্চিতের পরের ম্যাচেই হেরেছিল সাদা-কালো জার্সি ধারীরা। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মৌসুমের শেষ হোম ম্যাচে মোহামেডান মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ম্যাচ শেষেই ট্রফি নিয়ে উৎসবে মাতেন মোহামেডানের খেলোয়াড়রা।
আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচের ফলাফল নিয়ে মোহামেডান সমর্থকদের আগ্রহ ছিল কম। তাই পয়েন্ট হারিয়েও খেলা শেষে নতুন টি শার্ট পড়লেন ফুটবলাররা। কোচও তার গায়ে জড়ান বিশেষ সেই টি শার্ট। যেখানে লেখা 'উই আর দ্য চ্যাম্পিয়ন'। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে। দলের সাদা-কালো পতাকা হাতে গ্যালারীতে থাকা সমর্থকদের দিকে ছুটেন খেলোয়াড়রা। গ্যালারিতে সমর্থকরা স্মোক ফ্লোয়ার ছোটালেন। ক্লাবের বিদেশি ফুটবলাররা নিজ নিজ দেশের পতাকা হাতে উল্লাস করেন। ধর্মসাগর তীরে সাদা কালোদের এমন রঙিন উৎসবই দেখলো কুমিল্লাবাসী। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী।
তার আগে ম্যাচের সাত মিনিটে গোল হজম করে মোহামেডান। সেনেগালের ডিফেন্ডার মুহামেদ দিয়ারার গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ২৫ মিনিটে মেহেদী হাসান গোল করলে ম্যাচে সমতা ফেরে। ৩৮ মিনিটে গোল করেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানেন জাতীয় দলের সাবেক এই গোলকিপার। ৬৯ মিনিটে গোল করে সাদা কালোদের ৩-১ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ৭১ মিনিটে নাইজেরিয়ান এমফন সানডে উদোহ এবং ৮৭ মিনিটে মাহবুবুর জুয়েল গোল করে ব্রাদার্সকে এক পয়েন্ট এনে দেন।