রিয়ালের পরবর্তী কোচের নাম জানালেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির সম্পর্ক ছিন্ন হতে আর এক দিন বাকি। আগামীকাল শনিবার রিয়াল সোসিয়াদাদ ম‍্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে তার পথচলা থামবে। এর আগেই খ্যাতিমান এই ইতালিয়ান কোচ জানালেন, মাদ্রিদের ক্লাবটিতে কে হচ্ছেন তার উত্তরসূরি।

আগে থেকেই গুঞ্জন ছিল যে, আনচেলত্তির জায়গায় রিয়ালের কোচ হতে যাচ্ছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাভি আলোনসো। এই মৌসুম দিয়ে তিনি বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়েছেন। গড়েছেন বুন্ডেসলিগায় টানা দুই মৌসুম প্রতিপক্ষের মাঠে অপরাজিত থাকার রেকর্ড। এবার প্রকাশ্য সংবাদ সম্মেলনে আলোনসোর কোচ হওয়ার গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন আনচেলত্তি।রিয়ালের হবু কোচ জাভি আলোনসো।

ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাওয়া আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি কোনো উপদেশ দিতে চাই না। সবারই নিজস্ব পন্থা থাকে। তবে আমি আশা করব, সে রিয়াল মাদ্রিদে কাজ উপভোগ করবে। জাভি আলোনসো হবে প্রথম এবং তার জন‍্য জগতের সমস্ত শুভকামনা থাকল। রিয়াল মাদ্রিদকে কোচিং করানোর মান তার আছে। আশা করি, সে এটা উপভোগ করবে, আমার কেবল এতটুকুই বলার আছে।’