৬ বছরে ১৫ শিরোপা; আনচেলত্তির কাছে সেরা কোনটা?

শিরোপাহীন এক মৌসুম কাটাল রিয়াল মাদ্রিদ। এতে অবশ্য কার্লো আনচেলত্তির ক্যারিয়ারে কোনো দাগ পড়েনি। মাদ্রিদের ক্লাবটির হয়ে তিনি যে ৬ বছরে ১৫টি শিরোপা জিতেছেন, যা রিয়ালের অন্য কোচেদের চেয়ে অনেক বেশি। তার কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর অনেক অনেক মহাকাব্য লিখেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু আনচেলত্তির কাছে সেরা স্মৃতি কোনগুলো?

গতকাল বিদায়ী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘এমন রাত কতই না এসেছে, তাই কোনো একটা বেছে নেওয়া কঠিন। তবে আমি এখানে বেছে নেব ঘুরে দাঁড়ানো ম‍্যাচগুলোকে। কারণ, সেগুলো এমন কিছু যা এখনও ব‍্যাখ‍্যাতীত। অন‍্যগুলোর চেয়ে আমি এগুলোকে বেছে নেব। পিএসজির বিপক্ষে ম‍্যাচটা, ম‍্যানচেস্টার সিটি এবং চেলসির বিপক্ষে ম‍্যাচ। এগুলো আজীবন হৃদয়ে থাকবে, এগুলো অবিস্মরণীয় জয়।’

মৌসুম শেষে লুকা মদ্রিচও রিয়াল ছাড়বেন। আনচেলত্তি যোগ দেবেন ব্রাজিলের প্রধান কোচ হিসেবে। এটাকে রিয়াল মাদ্রিদের একটা যুগের সমাপ্তি হিসেবে দেখছেন আনচেলত্তি, ‘আপনারা বলতেই পারেন, মদ্রিচের বিদায়ে একটা সোনালী প্রজন্মের ইতি ঘটছে। তবে অন্য সব কিছুর মতোই এই প্রজন্মের এক সময়ে থামতেই হতো। আরও অনেকেই চলে গেছে- কাসেমিরো, ক্রিস্তিয়ানো রোনালদো… কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে চলেছে, বিশ্বের সেরা ক্লাব হয়ে এগিয়ে যাবে।’

আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, এই ৬ বছরে নিজের কোন ভুল নিয়ে তার সবচেয়ে বেশি আক্ষেপ হয়? জবাবে হাসতে হাসতে আনচেলত্তি বলেন, ‘না, না (আক্ষেপ করিনি)। আমি জানি, আমি অনেক ভুল করেছি, হাজারো ভুল। তাই এত ভুল যেখানে করেছি, সেখানে আমি বলতে পারব না কোনটা আমাকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছে। তবে কোনো ভুলই আমাকে রাত জাগায়নি। অন্য কোনো ক্লাবের জন্য যে রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়নি সেজন্য আমি খুব খুশি।’