অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি করায় একটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার শিকলবাহা এলাকায় হাবিবা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এ সময় বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক মোছাৎ জারিন তাসমিন তার সঙ্গে ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম-এমন অভিযোগের ভিত্তিতে হাবিবা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে,বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন রঙ ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করার অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রাকিবুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আইসক্রিম পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছিল আইসক্রিম। প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।’