ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রজব আলী গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
স্বজনরা জানান, শনিবার সকালে রজব আলী বাড়ির পাশের সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সেসময় সকাল ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিজের ঘরের ভেতরে যান। বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকার অবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।