ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার বিনাভোটে ক্ষমতায় থাকতে চায়

সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার বিনাভোটে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (২৪ মে) বিকেলে নোয়াখালীর চাটখিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার দশ মাস হয়ে গেছে। তারা কথায় কথায় সংস্কার সংস্কার বলছে। আমরাও তো সংস্কার চাই। তারেক রহমান দেড় বছর আগেই সংস্কারের কথা বলেছেন। আমাদের নেতাকর্মীরা গ্রামেগঞ্জে সংস্কারের পক্ষে লিফলেট বিতরণ করেছিল। আপনারও তো এগুলোই বলছেন, কিন্তু কি করেছেন আপনারা?

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সাসপেন্ড করা হয়নি। অন্তর্বর্তী সরকার সংবিধানের ম্যান্ডেট অক্ষরে অক্ষরে মেনে নিতে বাধ্য। আর সংবিধান অনুযায়ী আপনাদের প্রথম কাজ হচ্ছে জাতীয় নির্বাচনের আয়োজন করা।

এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, নিবন্ধনহীন একটি দল শাহবাগে সারাদিন আন্দোলন করে। আর তারাই সামাজিক মাধ্যমে প্রচারণা করে বিএনপির আন্দোলনের কারণে দেশে সমস্যা হয়। বিএনপি ধানের শীষ প্রতীকের মর্যাদা রক্ষার আন্দোলন করছে। ধানের শীষ প্রতীকের মর্যাদা রক্ষায় বিএনপির প্রত্যেক নেতাকর্মীর আন্দোলন করার অধিকার আছে।

তিনি বলেন, যদি ২৬ তারিখের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়া না হয় মন্ত্রী ও সচিব আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে স্মরণসভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।