ঠিক কুড়ি বছর আগে ২৩ মে রোঁলা গারোতে প্রথম পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শুরু করেছিলেন রাফায়েল নাদাল। গত মৌসুম পর্যন্ত টেনিস দুনিয়ার চার গ্র্যান্ড সø্যামের দ্বিতীয়টি-ফ্রেঞ্চ ওপেন নিয়ে যেকোনো গল্পের শিরোমণি ছিলেন এই কিংবদন্তি। এই দুই দশকে ১৪ বার শিরোপা উঁচিয়ে ধরে অর্জন করেছেন ‘কিং অফ ক্লে’ বা ক্লে কোর্টের রাজা উপাধি। নাদালের রাজসিক সেই অধ্যায় থেমেছে অবসরের মধ্য দিয়ে। এবারই প্রথম রোঁলা গারো পাবে না তার রাজাকে। আজ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন তাই নাদাল পরবর্তী নয়া যুগের সূচনালগ্ন।
নাদালের পদাঙ্ক অনুসরণ করে ক্লে কোর্টে নিজের নৈপুণ্য দুর্দান্তভাবে দেখিয়ে আসছেন আরেক স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। গত বছর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে নিজেকে আরেক ধাপ ওপরে তুলেছেন। ক্রিস ইভার্ট, স্টেফি গ্রাফদের পর নারী বিভাগে রোঁলা গারোতে একক রাজত্ব করছেন পোলিশ তারকা ইগা শোয়ানতেক। শেষ পাঁচ বছরে চারবার তার মাথায় উঠেছে চ্যাম্পিয়নের মুকুট। এবার ইতিহাস গড়ার হাতছানি বিশ্বের এ পঞ্চম বাছাইয়ের সামনে।
তবে ক্লে কোর্টের নতুন রাজা হওয়ার দৌড়ে ২২ বছরের আলকারাজকে চ্যালেঞ্জ জানানোর জন্য রয়েছেন বেশ কজন তারকা। আর এ তালিকায় সবার ওপরে থাকা নামটি শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনার। গত ১৮ মাস ধরে দারুণ ফর্মে থাকা সিনার সম্প্রতি তিন মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। আসর জুড়ে মাত্র একটি সেট হেরে পৌঁছান ইতালিয়ান ওপেনের ফাইনালে। সেখানে আলকারাজের বিপক্ষে হেরেছেন বটে তবে টেনিস ভক্তরা আশা করছেন ৮ জুন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও এই দুই তরুণ তারকার লড়াই দেখার সুযোগ মিলবে। বয়স আর শরীর বারবার বাধা হয়ে দাঁড়ালেও যেকোনো সময় জ্বলে উঠতে পারেন ২৫তম গ্র্যান্ড সø্যামের খোঁজে থাকা কিংবদন্তি নোভাক জকোভিচ। ২০২৩-এও ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ৩৮ বছরের জকো। ব্রিটেনের জ্যাক ড্রেপার মাদ্রিদ ফাইনাল ও রোমের কোয়ার্টার ফাইনালে উঠে ক্লে কোর্টে নিজের সামর্থ্য দেখিয়েছেন। মাদ্রিদ ওপেনে ড্রেপারকে হারিয়ে নরওয়ের ক্যাসপার রুড আবারও প্রমাণ করেছেন ক্লে কোর্টে তার দক্ষতা। জার্মানির তৃতীয় বাছাই ও গতবারের রানার্সআপ আলেক্সান্ডার ভেরেভ, ইতালির লোরেঞ্জো মুসেত্তিরাও ক্লে কোর্টে সাফল্যের দাবি রাখেন।
ক্লে কোর্টের রানী শোয়ানতেককে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কোকো গফ। মাদ্রিদ ওপেনের শিরোপাসহ এখন পর্যন্ত ৪০টি ম্যাচে সাবালেঙ্কা জেতেন ৩৪টি। যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা, ইতালির জেসমিন পাওলিনি, রাশিয়ার ইতিহাস গড়া কিশোরী মিরা আন্দ্রিভাসহ গত গ্রীষ্মে রোঁলা গারোতেই অলিম্পিক স্বর্ণ জেতা চীনের ঝেং কিনওয়েন রয়েছেন শীর্ষদের কাতারে।
প্রাইজমানি নিয়ে দ্বন্দ্বের মধ্যেই আজ থেকে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ উন্মাদনায় টেনিস বিশ্বকে বুঁদ করে রাখবে ফ্রেঞ্চ ওপেন। আর ৮ জুন জানা যাবে কারা হবেন ক্লে কোর্টের নতুন রাজা-রানী।