জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার (২৫ মে) দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৮ উপজেলার ৯ স্থানে পথ সভা করবেন। এদিন এ এনসিপি নেতা দক্ষিণের সবকটি উপজেলা সদরে গণসংযোগ এবং মতবিনিময় সভায় অংশ নেবেন।
হাসনাত আবদুল্লাহর সঙ্গে আরো থাকবেন দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান রিজভী।
এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা এনসিপির নেতারা উপস্থিত থাকবেন।
রবিবার সকাল ৮টায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে জমায়েত হয়ে সেখান থেকে থেকে দক্ষিণ জেলায় পথসভার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও তার সফর সঙ্গীরা। প্রথমেই কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় পথসভা করার কথা রয়েছে সকাল ৯টায়। এরপর সকাল ১০টায় আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী, সকাল সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বরে, দুপুর দেড়টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায়, দুপুর ২টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়, বিকেল সাড়ে ৩টায় দোহাজারী পৌরসভা এলাকায়, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া কলেজ গেট মোড় এলাকায়, ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদন্ডি, ফুলতল এলাকায় পথসভা শেষ করার কথা রয়েছে।
এদিকে হাসনাত আবদুল্লাহর পটিয়ায় আগমনকে ঘিরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকেও হাসনাত আবদুল্লাহর আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, হাসনাত আবদুল্লাহর পটিয়া আগমনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।