বিরোধী দলকে কেবল সরকারের সমালোচনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর ও বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত হতে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে যশোরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিরোধী দলকে সুশাসন প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে এগোতে হবে। শুধু লোকদেখানো বিরোধিতা নয়, কোথাও অনিয়ম বা কারচুপি হলে তা শক্ত হাতে এবং দ্ব্যর্থহীন ভাষায় জনগণের সামনে তুলে ধরতে হবে। আপসকামী রাজনীতির দিন শেষ। কারচুপির ঘটনায় নীরব না থেকে সরাসরি প্রতিবাদ জানাতে হবে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, শুধু চেয়ার পরিবর্তন বা নির্বাচন আয়োজন করলেই হবে না। সরকারি কর্ম কমিশন (পিএসসি), নির্বাচন কমিশন ও ব্যাংক খাতসহ রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলোর আমূল সংস্কার প্রয়োজন। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের কাঠামোগত দুর্বলতা দূর করতে না পারলে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই প্রজন্ম সামনে থেকে নেতৃত্ব দেবে। বেকারত্ব দূর করে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন।