ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকারি নজরুল একাডেমির মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু হয়েছে।
রবিবার (২৫ মে) সোয়া ১১ টা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ত্রিশাল ও বিশ্ববিদ্যালয় এলাকায় সাজসাজ রব বিরাজ করছে।
জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল (বর্তমান সরকারি নজরুল একাডেমী) মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা তিন দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপন শুরু হয়েছে। রবিবার বিকেল তিনটায় নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অপর দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার বেলা সোয়া ১১ টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম এ ফায়েজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিটে সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড সদস্য মো. জেহাদ উদ্দিন। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য নজরুল র্যালি হয়েছে। র্যালিটি বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মনসুর আহাম্মদ, সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার, দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ.ন.ম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, সাধারণ সম্পাদক এ.এইচ.এম জোবায়ের হোসাইন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মনসুর আহাম্মদ জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে অনুষ্ঠানস্থল।