রেকর্ড, লড়াই ও আবেগঘন বিদায়—প্রিমিয়ার লিগে কী বাকি রইল

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। অবনমন যুদ্ধে ছিল না তেমন কোনো উত্তেজনাও। তবে চূড়ান্ত দিনে ইউরোপীয় প্রতিযোগিতার টিকিট, ব্যক্তিগত পুরস্কার, ও কিছু আবেগঘন বিদায় নজর কেড়েছে সবার। রবিবার বিকেল ৪টায় একযোগে মাঠে গড়াবে লিগের শেষ রাউন্ডের সব ম্যাচ।

ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি এখনো শীর্ষ পাঁচে আছে। আর একটি জয় মানেই মূলত চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। ফুলহ্যামের বিপক্ষে ড্র করলেই চলবে সিটির, যদি না গোল ব্যবধানের কোনো অপ্রত্যাশিত নাটক হয়।

অন্যদিকে অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্টের সামনে কঠিন সমীকরণ—তাদের নিজেরা জিতেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হতে পারে নটিংহাম ফরেস্ট বনাম চেলসি। ফরেস্ট জিতলে চেলসির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন ভেঙে যেতে পারে।

ষষ্ঠ স্থানে যে দল থাকবে, তারা ইউরোপা লিগ নিশ্চিত করবে। নিউক্যাসল আগে থেকেই অন্তত কনফারেন্স লিগ নিশ্চিত করেছে ক্যারাবাও কাপ জয়ের সুবাদে। ব্রাইটন ও ব্রেন্টফোর্ড এখনো কনফারেন্স লিগের আশা জিইয়ে রেখেছে। ব্রাইটন মাত্র এক পয়েন্ট পেলেই অষ্টম হয়ে যেতে পারে, তবে তারা হারলে এবং ব্রেন্টফোর্ড জিতলে ব্রেন্টফোর্ড উঠে আসবে সামনে। তবে এসবই নির্ভর করছে চেলসি ইউরোপে জায়গা করে নিতে পারে কি না, তার ওপর।

মোহাম্মদ সালাহর মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত—২৮ ম্যাচে ২৭ গোল! যদিও শেষ দিকে এসে একটু থেমে গেছেন। তবু এবার তিনি চতুর্থবারের মতো গোল্ডেন বুট জিততে যাচ্ছেন, যেটি তাঁকে থিয়েরি অনরির পাশে বসাবে। এছাড়া, তিনি এক মৌসুমে সর্বাধিক গোল-অ্যাসিস্ট (গোল অবদান) রেকর্ডেও আছেন এক ধাপ পেছনে। বর্তমানে সালাহর ২৮ গোল ও ১৮ অ্যাসিস্ট—মোট ৪৬ অবদান। এক মৌসুমে সর্বোচ্চ অবদান ছিল ৪৭ (শিয়েরার ও অ্যান্ডি কোলের)। এমনকি তার সামনে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতারও ক্ষীণ সুযোগ আছে, যদি তিনি চার গোল করে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে পারেন। সব মিলিয়ে, লিভারপুলের হয়ে এবার তিনি একমাত্র শিরোপা জিতবেন প্রিমিয়ার লিগ ট্রফি, যা ম্যাচের পর তুলে দেওয়া হবে।

এবারের গোল্ডেন গ্লাভ (সর্বাধিক ক্লিনশিট) দৌড়ে আছেন আর্সেনালের ডেভিড রায়া ও নটিংহামের মাতজ সেলস—উভয়েরই ১৩টি করে ক্লিনশিট। যদি দুজনই গোল খান বা দুজনই ক্লিনশিট রাখেন, তাহলে তারা ট্রফি ভাগ করে নেবেন। রেকর্ড অনুযায়ী, এটিই হতে পারে সবচেয়ে কম ক্লিনশিটে গোল্ডেন গ্লাভ জয়ের বছর। এর আগে সবচেয়ে কম ছিল জো হার্টের ১৪টি (২০১৪-১৫)।

অবনমিত হলেও সাউদাম্পটন ইতোমধ্যে ডার্বি কাউন্টির ১১ পয়েন্টের রেকর্ড এড়িয়ে গেছে। তবে এবার তারা হেরে বসলে হয়ে যাবে ৩০তম লিগ পরাজয়, যা হবে প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ। স্পার্স ইউরোপা লিগ জিতলেও লিগে এখনো ১৭ নম্বরে। এবার যদি তারা ১৪-এর নিচে থেকেই ইউরোপিয়ান ট্রফি জেতে, তবে তারা হবে সবচেয়ে নিচু অবস্থান থেকে ইউরোপ জেতা দল।

১৪তম স্থানেও পৌঁছালে তারা ওয়েস্ট হ্যামের ২০২২-২৩ কনফারেন্স লিগ জয়ের রেকর্ডে ভাগ বসাবে। শেষ দিনে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় তাদের ক্লাবকে বিদায় জানাতে চলেছেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন। তবে লিভারপুলে তার শেষ ম্যাচে মাঠে নামা এখনও নিশ্চিত নয়।

কেভিন ডি ব্রুইন, জ্যাক গ্রিলিশ, জর্জিনিয়ো, কিয়েরান টিয়েরনি, জোয়েল ওয়ার্ড, ক্রেসওয়েল, ফ্যাবিয়ানস্কি, ইনগস, কোফাল, অ্যাশলি ইয়ং, ডিন হুইসেনসহ অনেকে শেষ ম্যাচে বিদায় নেবেন। এমনকি অ্যামিলিয়ানো মার্টিনেজ কাঁদছিলেন ভিলার শেষ হোম ম্যাচে—তিনি কি সৌদি আরবের দিকে পাড়ি জমাচ্ছেন?

রবিবারের ম্যাচগুলো হয়তো শিরোপা নির্ধারণ করবে না, কিন্তু উয়েফা প্রতিযোগিতায় জায়গা, ব্যক্তিগত সম্মান, রেকর্ড আর বিদায়ের আবেগ—সব মিলিয়ে উত্তেজনা কমবে না একটুও। শেষ মুহূর্ত পর্যন্ত যে নাটকীয়তা অপেক্ষা করছে, সেটাই প্রিমিয়ার লিগকে আলাদা করে দেয়।