জাতীয় দলের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলতে পরিবারসহ আর্জেন্টিনায় পৌঁছেছেন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার স্হানীয় সময় সকালে তার ব্যক্তিগত বিমান রোসারিওতে অবতরণ করে। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বেনিনের মুখোমুখি হবেন এই ৩৯ বছর বয়সী অধিনায়ক।
শুক্রবার সকালে ফোর্ট লডারডেল থেকে উড়াল দিয়ে রোসারিওর ‘ইসল্যাস মালভিনাস’ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন সন্তান থিয়াগো, মাতেও, চিরো এবং মা সেলিয়া কুচ্চিত্তিনি। বিমানবন্দর থেকে তারা সরাসরি ফুনেসের নিজস্ব বাসভবনে যান।
প্রাথমিক সূচি অনুযায়ী, শনিবার বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের পর রবিবারে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল মেসির। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফেরায় গুঞ্জন উঠেছে, শনিবার রাতে মনুমেন্তাল স্টেডিয়ামে বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে দলকে উৎসাহিত করতে পারেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো দাপ্তরিক নিশ্চিতকরণ মেলেনি।
সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানান, "লিও চাইলে শনিবারের ম্যাচেই অংশ নিতে পারতো, তাতে কোনো সমস্যা ছিল না। তবে মূলত রবিবারে তার দলে যোগ দেয়ার কথা।"
বিশেষ জার্সি ও পূর্ণ গ্যালারির অপেক্ষা
৬ অক্টোবর রাত ৮টায় এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে জীবনের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন অ্যালবিসেলেস্তেদের এই অধিনায়ক। মাঠের ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পূর্ণ গ্যালারিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
এই ঐতিহাসিক বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় পতাকার অনুপ্রেরণায় তৈরি লম্বালম্বি স্ট্রাইপ এবং মাঝে ‘সান অব মে’ ও লরেল পাতার নকশা সংবলিত ১০ নম্বর জার্সিটি মেসি পরবেন কেবল এই একটি ম্যাচেই।
এর আগে গত ৩১ মার্চ লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেছিলেন মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে ইতি ঘটবে বিশ্ব ফুটবলের এক বর্ণাঢ্য অধ্যায়ের।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে দক্ষিণ আফ্রিকার কোচকে নিলো বাংলাদেশ