ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতিসহ কয়েকজন সাংবাদিদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালেক মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- সেগুনবাগিচার বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি খাতুন। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় এ মামলাটি করে।
মামলার অভিযোগ থেকে জানা যায় , গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে একটি চায়ের দোকান সরানো নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জাকির হোসেন, বিউটি খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তি। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। গত শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচা এলাকার বাসা থেকে জাকির দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।