সিলেট সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে পুশইন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে বাংলাদেশে পুশইন করলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রবিবার (২৫ মে) সকালে মুড়িয়া সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে ওই ৩২ জন বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদের আটক করে বিজিবি।

আটকদের মধ্যে ১১ জন নারী, ৯ জন পুরুষ ও ১২ শিশু রয়েছে। গত শনিবার সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, ৫২ ব্যাটালিয়নের অধীন নয়াগ্রাম বিওপির একটি টহল দল বড়গ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ৩২ জনকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, আটক ৩২ জনের সবাই বাংলাদেশি। বিএসএফ তাদের সীমান্তের কাঁটা তারের পাশ দিয়ে একটি বিলে ছেড়ে দেয়। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করেছে। তাদের বেশিভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।   
    
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান, আটক ৩২ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।