আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা। রবিবার (২৫ মে) আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।
এ সময় তিনি বলেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো। সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না। আমাদের চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।
মুফতি আমির হামজা সম্পর্কে তিনি বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমির হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।