নদীর পাড় কেটে মাটি বিক্রি, জরিমানা ১ লাখ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে জহির নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ মে) বেলা পৌনে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন। 

তিনি বলেন, উপজেলার মোগড়া ইউনিয়নে আদমপুর এলাকায় ভেকু দিয়ে হাওড়া নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল যা নদী রক্ষা বাঁধ, পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামোর জন্য হুমকিস্বরূপ। অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী জহির নামে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। যেসব ব্যক্তি এ কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মোগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান আরিফ।