দুই রানে অল আউট, ভাঙল ২১৫ বছরের পুরোনো রেকর্ড

আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:২৯ পিএম

ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। কিন্তু এমন অপ্রত্যাশিত পরিণতি—একটি দল পুরো ১১ জন মিলে করল মাত্র ২ রান! ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে। যেখানে এক ম্যাচে ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রিচমন্ড সিসি গুটিয়ে গেছে মাত্র দুই রানে। ক্রিকেট ইতিহাসে এটিই এখন সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

রিচমন্ডের এই ব্যাটিং বিপর্যয়ে ভেঙে গেছে প্রায় ২১৫ বছরের পুরোনো এক রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন দলীয় সর্বনিম্ন স্কোর ছিল ৬ রান, যা হয়েছিল ১৮১০ সালে।

গত ২৪ মে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি, মিডলসেক্স। টস জিতে আগে ব্যাট করে নর্থ লন্ডন নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৪২৬ রানের পাহাড়সম রান। দলের পক্ষে ড্যান সিমন্স খেলেন বিধ্বংসী ১৪০ রানের ইনিংস। সহায়তা করেন জ্যাক লেভিথ (৪৩) এবং নাবিল আব্রাহামস (৪২)।

তবে যত আলোচনার কেন্দ্রে থাকা উচিত ছিল নর্থ লন্ডনের ব্যাটিং তাণ্ডব, তারচেয়েও ঢের বেশি আলোড়ন তুলেছে রিচমন্ড সিসির ব্যাটিং ধস। ৪২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ডের ব্যাটসম্যানরা যেন হাওয়ায় ভেসে গেলেন!

৫.৪ ওভারেই অলআউট—মাত্র ২ রানে। দলের ৯ ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি। দুই ব্যাটার এক রান করে করলেও তাতে লজ্জার পরাজয় এড়ানো যায়নি। ম্যাচের দৈর্ঘ্য দাঁড়ায় একপেশে নাটকের মতো—মোটে ১১.৪ ওভারে শেষ হয় পুরো খেলা।

ক্রিকেট ইতিহাসে এত কম স্কোরে অলআউট হওয়ার ঘটনা নেই বললেই চলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৬ রান, যা ১৮১০ সালে ‘দ্য বিএস’ নামের একটি দলের হয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে হয়েছিল।

অবাক করা বিষয় হলো, একই দিনে—মানে ২৪ মে, ১৪৮ বছর আগে ১৮৭৭ সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মাত্র ১২ রানে অলআউট হয়েছিল মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচে এমসিসির হয়ে ফ্রেড মোরেল একাই শিকার করেছিলেন ৭ উইকেট।

যদিও এটি ছিল ঘরোয়া ক্রিকেটের এক অজানা অধ্যায়, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ব্যাটিং বিপর্যয়ের নজির রয়েছে। টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন দলীয় সংগ্রহ নিউজিল্যান্ডের—১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রান। ওয়ানডেতে এই রেকর্ড জিম্বাবুয়ের দখলে—২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অলআউট ৩৫ রানে। টি-টোয়েন্টিতে মাত্র ৭ রানে অলআউট হয়ে ইতিহাস গড়েছে আইভরি কোস্ট—২০২৪ সালে নাইজেরিয়ার বিপক্ষে।

রিচমন্ড সিসির এই ২ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা নিছকই ‘একটা ম্যাচ হারানো’ নয়, এটি ক্রিকেট ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এক ব্যতিক্রমী লজ্জা। এমন দিনেই বোঝা যায়—ক্রিকেট যতই ব্যাটারদের খেলা হয়ে উঠুক, বল হাতে কয়েক ওভারে ছিটকে দেওয়া সম্ভব গোটা একাদশকেও!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত