৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতার উদ্যোগে দুই দিনের কর্মশালা

রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ২৫ ও ২৬ মে রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচলের সি কাল্ব রিসোর্টে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালা ও লিডারশিপ প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এতে জগন্নথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জিয়া উদ্দিন জানান, কর্মশালায় বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা, ছাত্র রাজনীতির ভূমিকা, লিডারশিপ অর্জন এবং বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে বিস্তৃত হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি, অন্যায়-অনিয়ম, অত্যাচার, নির্যাতনের আখড়া হয়ে উঠে। দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, শিক্ষার্থীদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে আমরা ছাত্রদল কাজ করে যাচ্ছি। রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে এর আগে স্বৈরাচার পতন আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সফল হয়েছি। ৩১ দফা বাস্তবায়নেও আমরা সফল হবো ইনশাল্লাহ। সে লক্ষ্যেই সহকর্মীদের নিয়ে সভা, সেমিনার ও কর্মশালা করছি। কর্মশালা থেকে নেতৃবৃন্দকে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ক্যাম্পাসে নিরলসভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, স্বৈরাচারের দুঃশাসনের অবসান হয়েছে। দেশর সব ক্যাম্পাসে ছাত্ররা তাদের নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। ছাত্রদল সেই লক্ষ্যেই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করছে। এই কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।